২০২৬ বিশ্বকাপ: ইরানি ফুটবলারদের প্রবেশে বাধা নেই যুক্তরাষ্ট্রের, তবে থাকছে কঠোর শর্ত
- প্রকাশ : ০৯:৩৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ৩১১ বার পাঠিত

স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। মাঠের লড়াই শুরু হতে বাকি আর মাত্র মাস দুয়েক। ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এক মন্তব্যে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার প্রস্তাব ওঠার পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে, বিশ্বকাপে অংশ নিতে ইরানি ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা নেই। ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, খেলোয়াড়দের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে খেলোয়াড়দের সাথে আসা প্রতিনিধি দলের সদস্যদের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে মার্কিন প্রশাসন।
মার্কো রুবিও স্পষ্ট করে জানান, ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের’ (আইআরজিসি) সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইআরজিসিকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরান অনেক সময় অ্যাথলেটিক ট্রেনার বা সাংবাদিকের ছদ্মবেশে আইআরজিসি সদস্যদের পাঠাতে চায়, যা জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এদিকে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ইরানের অংশগ্রহণ নিয়ে সব সংশয় উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে, ইরান দল বিশ্বকাপে অংশ নিচ্ছে—এটি নিশ্চিত। এর আগে ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তার খাতিরে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ফিফা সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে।
খেলোয়াড়দের প্রবেশের অনুমতি মিললেও ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ভিসা পাওয়া নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বিশেষ করে ফেডারেশন সভাপতি মেহদি তাজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে ভিসা দেওয়া হয়নি। ফলে দলের সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠবে ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞের। মাঠের লড়াই শুরুর আগে খেলোয়াড়দের ব্যক্তিগত সুরক্ষা ও রাজনৈতিক এই জটিলতা নিরসনে বিশ্ব ফুটবল সংস্থা ও আয়োজক দেশগুলোর পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছে সবাই।











