ইসরায়েলে হুতিদের দ্বিতীয় দফা মিসাইল ও ড্রোন হামলা: মধ্যপ্রাচ্য যুদ্ধে নতুন মোড়
- প্রকাশ : ০২:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৭৬ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের বাহিনী ইসরায়েলের বেশ কয়েকটি কৌশলগত সামরিক অবস্থান লক্ষ্য করে উন্নত প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই আক্রমণ পরিচালনা করেছে। চার সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাত শনাক্ত করার কথা স্বীকার করেছে ইসরায়েল।
এর আগে শনিবার (২৮ মার্চ) হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে প্রবেশের ঘোষণা দেয়। এর মাধ্যমে চলমান সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফিলিস্তিন ও ইরানের সমর্থনে এই লড়াইয়ে অংশ নিচ্ছে।
কয়েকদিন আগেই হুতি গোষ্ঠীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। সেই হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই ইসরায়েলের অভ্যন্তরে এই জোড়া হামলার ঘটনা ঘটল।
সামরিক বিশ্লেষকদের মতে, লোহিত সাগর সংলগ্ন ইয়েমেন থেকে এই হামলা চালানোয় যুদ্ধের তীব্রতা এবং ভৌগোলিক সীমারেখা আরও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে লোহিত সাগরে জাহাজ চলাচল এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করলেও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।























