ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণ
- প্রকাশ : ১০:২৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পাঠিত

ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থানে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আসালুয়েহ, জিরোফত, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক ও লাভান দ্বীপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই বিমান হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। এর মধ্যে সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আগেই কঠোর ও ভয়াবহ হামলার হুমকি দেওয়ার পর এই সামরিক পদক্ষেপ নেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি এক বার্তায় বলেন, সাধারণ মানুষের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। মার্কিন হামলার পরপরই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও একটি নৌঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। পাশাপাশি ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন দেশের মার্কিন অবস্থান লক্ষ্য করেও একের পর এক হামলা চালানো হয়।
আইআরজিসির সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানে চালানো এই হামলার জন্য যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুতপ্ত না হওয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তাদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।




















