আড়াইহাজারে যুব বিভাগের উদ্যোগে ‘স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
- প্রকাশ : ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৯০ বার পাঠিত

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ অঞ্চলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার যুব বিভাগের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
উপজেলার ৬টি ইউনিয়নের দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কালাপাহাড়িয়া ইউনিয়ন দল। রানার্সআপ হয়েছে ফতেহপুর ইউনিয়ন দল।
টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডক্টরস ফোরামের এইচআরডি সম্পাদক ডা. আব্দুল মালেক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। একজন শক্তিশালী মুমিন আল্লাহ তায়ালার কাছে অত্যন্ত প্রিয়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ শারীরিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি নৈতিক দৃঢ়তাও অর্জন করতে পারে। তারা আরও উল্লেখ করেন, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার হলেও মহান স্রষ্টার বিধান পালনের মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত। দেশ ও সমাজের সুন্দর ভবিষ্যতের জন্য যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আয়োজক কমিটির পক্ষ থেকে যুব বিভাগের সেক্রেটারি জয়নাল আবেদিন জানান, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং তাদের সমাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সুস্থ বিনোদনের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।



















