রাজশাহী মেডিকেল পরিদর্শন শেষে ডা. রফিকূল: দ্রুত হামের টিকা সরবরাহের তাগিদ
- প্রকাশ : ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৮০ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে হামের টিকা সংগ্রহ ও বিতরণের তাগিদ দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে তিনি এই আহ্বান জানান।
পরিদর্শনকালে ডা. রফিকূল ইসলাম জানান, চলতি বছরের ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হামের রোগী শনাক্ত হয়। ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে বিনামূল্যে এই টিকা পাওয়া গেলেও পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রয় সংক্রান্ত জটিলতার কারণে টিকা সরবরাহে বিঘ্ন ঘটে। মূলত এই কারণেই বর্তমান প্রাদুর্ভাবের সৃষ্টি হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ে স্বাস্থ্য সহকারী ও টিকা পোর্টারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের ফলে নিয়মিত টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
টিকা প্রদানের নিয়ম অনুযায়ী সাধারণত নয় মাস ও ১৫ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয়। তবে ডা. রফিকূল ইসলাম উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে নয় মাসের কম বয়সী শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে গবেষণার মাধ্যমে এর প্রকৃত কারণ খুঁজে বের করার ওপর তিনি বিশেষ জোর দেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ১২ জন শিশুকে আইসিইউতে রেখে এবং ওয়ার্ডে ভর্তি অন্যান্য আক্রান্ত শিশুদের যেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তা প্রশংসনীয়। এই সেবার জন্য তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। একইসাথে তিনি সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহুরুল হকসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















