প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা নির্বাচন কমিশনের
- প্রকাশ : ০৯:১৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পাঠিত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু করার এক যুগান্তকারী পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোররাও এনআইডি সেবার আওতায় আসবে। তবে বিষয়টি নিয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক নীতি নির্ধারণী বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমেই ৬ থেকে ১৬ বছর বয়সীদের এই নিবন্ধন কার্যক্রম শুরু করার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় পর্যায়েই কোমলমতি শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের প্রাথমিক কাজ সম্পন্ন করা হবে, যা ভবিষ্যতে সঠিক ও নির্ভুল নাগরিক ডাটাবেজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি বিশদ কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। ওই কর্মশালার পর্যালোচনা ও অভিজ্ঞদের মতামতের ভিত্তিতে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডির মহাপরিচালককে।
উল্লেখ্য, বর্তমানে নির্বাচন কমিশন ১৭ বছর বয়স থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে। তবে ব্যাংকিং সেবা, শিক্ষাগত সনদ এবং নাগরিক নানা সুবিধা প্রাপ্তি সহজতর করতে কম বয়সিদেরও এনআইডি নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছিল।
ইসির সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।




















