৩০ এপ্রিল সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক
- প্রকাশ : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৯৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩০ এপ্রিল সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়ামে এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশব্যাপী এই ক্রীড়া উৎসবের সূচনা হবে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে এই আয়োজনের শুভ উদ্বোধন করবেন। সিলেটের মূল অনুষ্ঠানের পাশাপাশি একই সময়ে দেশের প্রতিটি জেলাতেও এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হবে।
এ বছর থেকে শুরু হতে যাওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ ফুটবল ও ক্রিকেটসহ মোট ৭টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকছে। প্রধানমন্ত্রীর এই সফর ও উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সূচি পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও ক্রীড়া মহলে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।






















