কাল চূড়ান্ত হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর সিদ্ধান্ত
- প্রকাশ : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১২৬ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল। আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। জাপানি কনসোর্টিয়ামের পক্ষ থেকে ব্যয় কমিয়ে সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার পর এই অচলাবস্থা কাটতে শুরু করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত সোমবার ও মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত কারিগরি বৈঠকে সার্ভিস চার্জ, অপারেশনাল কন্ট্রোল এবং রাজস্ব ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে। আগে এসব বিষয়ে মতপার্থক্য থাকলেও নতুন প্রস্তাবে জাপানি কনসোর্টিয়াম ঢাকার উদ্বেগগুলো আমলে নিয়ে আর্থিক সমন্বয় করেছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক গত বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কারিগরি বৈঠকের ফলাফল অবহিত করেছেন। তিনি জানান, শুক্রবারের বৈঠকে ঐকমত্য হলে আগামী সপ্তাহেই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে।
এই হাই-প্রোফাইল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল টার্মিনালটির কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হলেও দীর্ঘ সময় ধরে এর ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল। জাইকার অর্থায়নে নির্মিত ৫ লাখ ৪২ হাজার বর্গমিটারের এই টার্মিনালটি বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ যাত্রী এবং ৯ লাখ টন কার্গো হ্যান্ডেল করতে সক্ষম।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আলোচনা পুনরায় গতিশীল হয়। ১৩ মার্চ অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর জাপানি পক্ষ (জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো, সোজিৎজ এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন) তাদের সংশোধিত প্রস্তাব জমা দেয়, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ৩ এপ্রিলের বৈঠক সফল হলে দেশের বিমান চলাচল খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীর্ঘদিনের স্লট সংকট ও যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ একটি শক্তিশালী আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত হওয়ার পথে বড় ধাপ অতিক্রম করবে।






















