ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি
- প্রকাশ : ০৬:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৪৯ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের আকাশ, জলসীমা কিংবা ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসন বা স্থল অভিযানের দুঃসাহস দেখালে একজন আক্রমণকারীকেও জীবিত রাখা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টার থেকে দেওয়া এক জরুরি ভাষণে তিনি এই চরম সতর্কবার্তা দেন।
জেনারেল হাতামি সাফ জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনাবাহিনী বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আক্রমণাত্মক ও রক্ষণাত্মক অবস্থানে রয়েছে। তিনি স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি সেকেন্ডের ভিত্তিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তিনি স্পষ্ট করে বলেন, কোনো শত্রু সেনা ইরানের মাটিতে পা রাখার ধৃষ্টতা দেখালে তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না এবং এমন পরিস্থিতি তৈরি করা হবে যেন কেউ প্রাণ নিয়ে নিজ দেশে ফিরতে না পারে।
মার্কিন প্রশাসনের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে ইরানি সেনাপ্রধান বলেন, যুদ্ধ-পরবর্তী ইরানকে নতুন করে সাজানোর আমেরিকান পরিকল্পনা আসলে এই জাতি ও রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলার একটি নীল নকশা মাত্র। তবে বর্তমানে দেশটির জনগণ ও সেনাবাহিনী অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ। তিনি আরও সতর্ক করে দেন যে, যতক্ষণ পর্যন্ত ইরানিরা নিরাপত্তাহীনতায় ভুগবে, ততক্ষণ এই অঞ্চলের কোনো স্থানই আর নিরাপদ থাকবে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের সামরিক তৎপরতার জবাবে ইরানও নিয়মিত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, জেনারেল হাতামির এই সর্বশেষ ঘোষণা চলমান উত্তেজনাকে একটি ভয়াবহ ও চূড়ান্ত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। যেকোনো মুহূর্তে শত্রুর পদক্ষেপের দাঁতভাঙা জবাব দিতে তেহরান এখন পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে।

















