ব্যয় সংকোচনে মালয়েশিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু, তেলের কোটা বৃদ্ধি
- প্রকাশ : ০৬:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৮৯ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক
আঞ্চলিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বিশ্ববাজারের অর্থনৈতিক চাপ মোকাবিলায় ব্যয় সংকোচনের কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটির সকল সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে দাপ্তরিক কাজ করার নীতি চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (১ এপ্রিল) রাতে এক বিশেষ ভাষণে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, মন্ত্রিসভায় অনুমোদিত এই নির্দেশনা দেশের সকল মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর ওপর কার্যকর হবে। মূলত জ্বালানি খরচ সাশ্রয় এবং বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আনোয়ার ইব্রাহিম দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার অপচয় কাম্য নয়। সাধারণ জনগণের ওপর যেন বাড়তি আর্থিক চাপ সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সরকারি ব্যয় কমিয়ে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা হচ্ছে।
সংকটকালীন এই সময়ে প্রধানমন্ত্রী কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জীবনমান বিবেচনায় নিয়ে বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানান। একইসঙ্গে পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘোষণা করেছে। ‘বুদি মাদানি ৯৫’ প্রকল্পের আওতায় তেলের কোটা সাময়িকভাবে বাড়িয়ে মাসিক ২০০ লিটার করা হয়েছে, যা বুধবার থেকেই কার্যকর হয়েছে। এছাড়া সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল রিফুয়েলিং সুবিধা চালু করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার ফলে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে কেন্দ্র করেই এই কৌশলগত অবস্থান নিয়েছে মালয়েশিয়া। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় সুরক্ষা ও স্থিতিশীলতা রক্ষাকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে আনোয়ার ইব্রাহিমের সরকার। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি নাগরিককে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।























