চাকরিতে প্রবেশের বয়স ৩২ করে জাতীয় সংসদে বিল পাস
- প্রকাশ : ০৬:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৫৬ বার পাঠিত

সংসদ প্রতিবেদক:
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নতুন পাস হওয়া এই আইনের ফলে এখন থেকে সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এছাড়া সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও একই বয়সসীমা কার্যকর হবে।
বিলটির বিধান অনুযায়ী, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং স্বশাসিত সংস্থাসমূহের চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে যোগদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর নিজস্ব বিদ্যমান বিধিমালা বহাল থাকবে। অর্থাৎ, এই বিশেষ ক্ষেত্রগুলোতে বাহিনীর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন চাকরিপ্রার্থীরা। এই সংশোধনী পাস হওয়ার মাধ্যমে দেশের তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংসদীয় প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে বিলটি পাসের মধ্য দিয়ে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্থাপিত হলো।






















