২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্থমন্ত্রীর
- প্রকাশ : ০২:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৫৫ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে অর্থমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অর্থনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গত শাসনামলে ব্যাপক অর্থনৈতিক দুর্নীতি ও দেশ থেকে টাকা পাচারের কারণে জাতীয় রিজার্ভ আশঙ্কাজনকভাবে ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।
বিগত সময়ের বাজেট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সে সময় কেবল বাজেট ঘাটতিই বাড়েনি, বরং বাজেটের গুণগত মানও ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে মেগা প্রকল্পগুলোর যাচাই-বাছাই সঠিকভাবে না হওয়ায় বিনিয়োগের প্রত্যাশিত সুফল থেকে দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় মাথাপিছু আয়ের পরিসংখ্যান নিয়ে বিদ্যমান বিতর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিগত সময়ে দুর্নীতির অবাধ সুযোগ থাকায় দেশে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে। বর্তমান সরকার এই সংকট কাটিয়ে অর্থনীতিকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।






















