ইরানিরাই প্রকৃত বিজয়ী, ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা মোজতবা খামেনির
- প্রকাশ : ০২:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৭৪ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরানিদের একটি ‘বিজয়ী জাতি’ হিসেবে উল্লেখ করে দেশটির জনগণকে প্রকৃত বিজয়ী বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
বিবৃতিতে মোজতবা খামেনি উল্লেখ করেন, চলমান সংঘাতের ফলে ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা আহত হয়েছেন, তাদের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করা হবে। সেই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকেও একটি নতুন ও উন্নত পর্যায়ে নেওয়ার পরিকল্পনা করছে তেহরান। তবে এই ব্যবস্থাপনার রূপরেখা বা বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনমতের বহিঃপ্রকাশ চলমান কূটনৈতিক আলোচনা ও দরকষাকষিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
ইরানের শান্তিকামী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং বর্তমানেও সংঘাতের পক্ষে নয়। তবে নিজেদের বৈধ জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না দেশটি। মোজতবা খামেনি আরও ইঙ্গিত দেন যে, ইরানের আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোও এই একই নীতি অনুসরণ করবে।
উল্লেখ্য, তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেও মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে সরাসরি উপস্থিত হননি। লিখিত বিবৃতির মাধ্যমেই তিনি তার রাষ্ট্রীয় ও কৌশলগত বার্তাগুলো প্রদান করছেন।























