উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত
- প্রকাশ : ০৩:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ৮৬ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বালুখালী বিওপি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সাদেক উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে দেশটির অভ্যন্তরে প্রায় ১৫০ মিটার ভেতরে ‘নারিকেল বাগান’ নামক এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে সাদেকের শরীরের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই বিস্ফোরণের ঘটনায় সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসরত মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্টে আগে থেকে পুঁতে রাখা ল্যান্ডমাইনগুলো সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করলেই এসব মাইন যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






















