মার্কিন-ইসরায়েলকে সহায়তার অভিযোগ: ৫ মুসলিম দেশের কাছে ক্ষতিপূরণ চায় ইরান
- প্রকাশ : ০২:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৩৪ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে সহযোগিতা করার অভিযোগে প্রতিবেশী পাঁচটি দেশের কাছে আনুষ্ঠানিক ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। দেশগুলো হলো— বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সোমবার মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে এই দাবি উত্থাপন করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ওই দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি সশস্ত্র হামলায় অংশ নিয়ে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও ১৯শে ডিসেম্বরের সাধারণ পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে।
ইরানি রাষ্ট্রদূতের মতে, এই পাঁচটি দেশ ইরানের প্রতি তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে। ফলে এই আগ্রাসনের কারণে ইরানের যে ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দায়ভার সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে এ ধরনের অন্যায্য কর্মকাণ্ড ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া বন্ধ করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের এই আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

















