জ্বালানি তেলের দাম সমন্বয়: সরকারের সিদ্ধান্তকে পেট্রোল পাম্প মালিক সমিতির সাধুবাদ
- প্রকাশ : ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১০০ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই সন্তোষ প্রকাশ করা হয়।
পেট্রোল পাম্প মালিক সমিতি মনে করে, বিশ্ববাজারের সঙ্গে মূল্য সামঞ্জস্য করায় দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত করার প্রবণতা হ্রাস পাবে। এর ফলে তেল বিক্রিতে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা দরে বিক্রি হবে।
রোববার (১৯ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। এর আগে বাজারে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হচ্ছিল। সরকারি এই সিদ্ধান্তের ফলে জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।






















