সারাদেশে ভূমিকম্প-সহনশীল ভবন নির্মানে কঠোর পদক্ষেপ সরকারের
- প্রকাশ : ০৫:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৪৪ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সারাদেশে ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি-২০২০) এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে বিএনবিসি-২০২০ অনুসরণ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, গাজীপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল সংস্থা ভবনের নকশা অনুমোদন ও নির্মাণ তদারকি করছে। এছাড়া সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা পর্যায়ের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটিগুলোও এই কার্যক্রমের আওতাভুক্ত।
উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভবন নির্মাণ তদারকির জন্য বিশেষ ‘বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি’ (বিসি কমিটি) গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীরা এই কমিটির প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটিগুলো ভবনের নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের প্রতিটি ধাপে মান নিশ্চিত করছে। বিশেষ করে ভবনের কাঠামোগত নকশা গণপূর্ত বিভাগ দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যাতে যেকোনো দুর্যোগে ভবনগুলো নিরাপদ থাকে।
ভবন নির্মাণ বিধিমালা আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার বড় পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী সংসদকে জানান, বিল্ডিং কোডের পূর্ণ তদারকি নিশ্চিত করতে চলতি বছরের ১০ এপ্রিল ‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি’ (বিবিআরএ) আইন পাস করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আরও উল্লেখ করেন, বিবিআরএ পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার পর নির্মাণ সংশ্লিষ্ট স্থপতি, প্রকৌশলী ও পেশাজীবীদের জন্য বিশেষ লাইসেন্সিং ব্যবস্থা চালু করা হবে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত অভিজ্ঞ পেশাজীবীরাই ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকির সুযোগ পাবেন। এর ফলে দেশের প্রতিটি স্তরে কারিগরি মান রক্ষা করে ভূমিকম্প-সহনশীল ভবন গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






















