প্রাথমিক শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষার্থীদের সুরক্ষায় ইউনেস্কোর সঙ্গে সরকারের বৈঠক
- প্রকাশ : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ২৫ বার পাঠিত
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইউনেস্কোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। আজ রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো ইউনেস্কো প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং তাদের মানসিক বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ইউনেস্কোর সাথে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাহ্দী আমিন। প্রতিনিধিদল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তার আশ্বাস দেয়।
সরকার পরিকল্পিত ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি নিয়ে বৈঠকে বিস্তারিত মতবিনিময় করা হয়। ইউনেস্কো প্রতিনিধিরা এই কর্মসূচির সফল বাস্তবায়নে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী পরামর্শ প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণের একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই এই পাইলট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
ইউনেস্কোর প্রতিনিধিরা বাংলাদেশে শিক্ষার প্রসারে সুপরিকল্পিত ও সমন্বিতভাবে সরকারের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



