পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
- প্রকাশ : ০১:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২৯৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান। তিনি দুই দেশের সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। বিদায়ী হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে আগামীতে এই ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রণয় ভার্মা বৈঠকে পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত সবসময়ই আগ্রহী। দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে এবং পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে জনকল্যাণমুখী সহযোগিতার ধারা অব্যাহত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার সক্রিয় ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি হাইকমিশনারের পরবর্তী কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






















