সাভার ও ধামরাইয়ে ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার
- প্রকাশ : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৯ বার পাঠিত

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২১ জুলাই দুপুরে সাভার মডেল থানার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রুপ ভানু ওরফে রুপি (৫৫) ও তার মেয়ে তাহমিনা (২৭)-কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, ২২ জুলাই রাতে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (২৩) নামে এক যুবককে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুপ ভানুর বিরুদ্ধে পূর্বে দুটি এবং মাসুদ রানার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

















