মানিকগঞ্জে জন্মাষ্টমী উৎসবে এমপি জিন্নাহ কবীর: সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই এ দেশের সমান নাগরিক
- প্রকাশ : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৩ বার পাঠিত

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে এবং উৎসব পালন করছে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ এবং এ দেশের সমান নাগরিক। সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার বা নির্যাতন বরদাশত করা হবে না; এ ধরনের অপরাধে জড়ালে কঠোর হস্তে দমন করা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময় তিনি দৌলতপুর উপজেলার কালিমন্দির নাটমন্দির ও হরিসভা বেদান্ত মঠের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে বিকেলে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর কেন্দ্রীয় নাটমন্দির ও হরিসভা বেদান্ত মঠে গিয়ে শেষ হয়। দৌলতপুর কেন্দ্রীয় কালিমন্দির নাটমন্দির পরিচালনা পরিষদ, হরিসভা বেদান্ত মঠ পরিচালনা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু মহাজোটের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের কর্মসূচি পালিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই র্যালিতে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ ও শিশু বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
দৌলতপুর কেন্দ্রীয় কালিমন্দির নাটমন্দির পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান ও মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম এবং উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক শিউলি আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।















