আন্তর্জাতিক বাজারে মন্দা: দেশে লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম
- প্রকাশ : ০৮:১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পাঠিত

আন্তর্জাতিক বাজারে বিশ্বপরিস্থিতি ও ফ্রেইট চার্জ বৃদ্ধি পাওয়ার অজুহাতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়াল সরকার। এতে এক লাফেই ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্য পুনঃনির্ধারণ করা হয়। নতুন এই দর ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে নতুন নির্ধারিত খুচরা মূল্যে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হবে।
এর আগে বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হচ্ছিল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বৈশ্বিক এই মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে সামঞ্জস্য রাখতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার।























