আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের দাপট, সাত গোলের রোমাঞ্চে শেষ হাসি জার্মানির
- প্রকাশ : ০৫:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৯১ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক:
আন্তর্জাতিক প্রীতি ফুটবলের এক জমজমাট রাতে বড় জয় তুলে নিয়েছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও জার্মানি। সার্বিয়াকে অনায়াসেই হারিয়েছে স্প্যানিশরা, অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে সাত গোলের এক রুদ্ধশ্বাস লড়াইয়ে নাটকীয় জয় পেয়েছে ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।
মাঠের লড়াইয়ে শুরু থেকেই সার্বিয়ার ওপর একাধিপত্য বিস্তার করে খেলেছে স্পেন। ম্যাচের ১৫ মিনিটেই মিকেল ওয়ারজাবালের দুর্দান্ত গোলে লিড নেয় তারা। বক্সের বাঁ দিক থেকে নেওয়া তার জোরালো শটটি ঠেকানোর কোনো সুযোগই পাননি সার্বিয়ান গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। প্রথমার্ধের শেষ দিকে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।
ম্যাচে লামিনে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসা এবং হ্যান্ডবলের কারণে ফেরমিন লোপেজের গোল বাতিল না হলে স্পেনের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। দ্বিতীয়ার্ধে সার্বিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফাউলের কারণে তাদের একটি গোল বাতিল হয়। শেষ দিকে অভিষিক্ত ভিক্টর মুনিয়োজ জালের দেখা পেলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় স্পেনের।
বাসেলে অনুষ্ঠিত অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও সুইজারল্যান্ড। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৪-৩ গোলের স্মরণীয় জয় তুলে নিয়েছে জার্মানি। ম্যাচের ১৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে পিছিয়ে পড়লেও জনাথন তাহের হেডে সমতায় ফেরে তারা। ব্রিল এম্বোলোর গোলে সুইজারল্যান্ড আবারও লিড নিলে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সের্গে গ্নাব্রির গোলে সমতায় ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধে শুরু হয় ফ্লোরিয়ান উইর্টজ নামক এক ফুটবলীয় ঝড়ের দাপট। ৬১ মিনিটে উইর্টজ দলকে এগিয়ে নিলেও জোয়েল মন্টেইরোর গোলে ফের সমতায় ফেরে সুইসরা। তবে ম্যাচের ৮৫ মিনিটে পাস্কাল গ্রসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির জয় নিশ্চিত করেন উইর্টজ। পুরো ম্যাচে ২ গোল ও ২ অ্যাসিস্ট করে জার্মানির চারটি গোলেই সরাসরি অবদান রেখে ম্যাচসেরার কৃতিত্ব দেখান এই তরুণ তুর্কি।



















