পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রকাশ : ০৫:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৮৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকার পুলিশ বাহিনীকে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না, বরং তারা হবে সাধারণ মানুষের প্রকৃত বন্ধু।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পুলিশের পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। পুলিশের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে এই পোশাকে পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। সদস্যদের পছন্দ অনুযায়ী একটি ঐতিহ্যমণ্ডিত পোশাক দ্রুত ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ইতিমধ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। দীর্ঘদিনের দলীয়করণের সংস্কৃতি ভেঙে এই বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই সংস্কার প্রক্রিয়ার সুফল খুব শীঘ্রই দেশের মানুষ ভোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) তাদের কঠোর প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগ দিলেন। নবীন এই কর্মকর্তাদের দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের আইজিপি এবং স্থানীয় প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৪৩তম বিসিএস ব্যাচের এই ৭২ জন কর্মকর্তা এখন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন শুরু করবেন।






















