ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: হরমুজ প্রণালি না খুললে জ্বালানি স্থাপনায় হামলার হুমকি
- প্রকাশ : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ৩৯ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি দ্রুত বাণিজ্যের জন্য উন্মুক্ত না করা হলে দেশটির গুরুত্বপূর্ণ তেল ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হলে যুক্তরাষ্ট্র ইরানের খার্গ দ্বীপসহ প্রধান প্রধান তেল রপ্তানি কেন্দ্র ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। খার্গ দ্বীপ মূলত ইরানের জ্বালানি অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। ট্রাম্পের মতে, চলমান আলোচনা প্রক্রিয়ায় কিছুটা অগ্রগতি হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ওয়াশিংটন কঠোরতম ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
এদিকে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সরাসরি কোনো বৈঠক বা আলোচনা হয়নি। তবে পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষভাবে বার্তা আদান-প্রদান চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে অতিরিক্ত ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন।
তিনি স্পষ্ট করে বলেন, ইরান তার নিজস্ব কাঠামোর ভিত্তিতে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বাইরের কোনো অযৌক্তিক চাপ গ্রহণ করবে না। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।

















