ন্যাটো মিত্রদের কড়া সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
- প্রকাশ : ০১:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৪৩ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানবিরোধী অভিযানে ন্যাটোর বেশ কিছু সদস্য রাষ্ট্রের অসহযোগিতার বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মিত্র দেশগুলোর ভূমিকার সমালোচনা করে জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র যখন জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য বড় ধরনের ঝুঁকি চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে গিয়েছিল, তখন স্পেনের মতো বন্ধু রাষ্ট্রগুলো তাতে সহায়তা করেনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যাটোর সদস্য হিসেবে যে দেশগুলোকে রক্ষার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়ে রেখেছে, তারাই সংকটের সময় মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এমনকি কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে গর্বও করেছেে।
সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, শুধু স্পেন নয়, আরও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ একই ধরনের আচরণ করেছে। মিত্রদের এমন অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আদতে যুক্তরাষ্ট্রের প্রাপ্তি কী? ন্যাটো মিত্রদের এমন অসহযোগিতা ভবিষ্যতে নিরাপত্তা কৌশল নির্ধারণে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















