জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর
- প্রকাশ : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৮৯ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
দেশে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কোনো সত্যতা নেই, বরং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় পাম্পগুলোতে বাড়তি চাপ তৈরি হচ্ছে।
জ্বালানিমন্ত্রী জানান, নির্ধারিত পরিমাণ তেল নিয়মিত সরবরাহ করা হচ্ছে। তবে ইরান পরিস্থিতির কারণে জনমনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, বর্তমানে তা মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইনের মূল কারণ মানুষের এই অতি-সতর্কতা ও বাড়তি মজুদ করার প্রবণতা।
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও সরকার বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ অব্যাহত রেখেছে। ইতিমধ্যে রিফাইনারির জন্য প্রয়োজনীয় তেল কেনা হয়েছে এবং বর্তমান মজুদ শেষ হওয়ার আগেই নতুন চালান দেশে পৌঁছাবে। তাই সরবরাহে ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে ইকবাল হাসান মাহমুদ টুকু এসময় বিপণীবিতানসহ সব ক্ষেত্রে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার আহ্বান জানান। এছাড়া বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের নিরবচ্ছিন্ন সরবরাহ ও মজুদ ঠিক রাখতে সরকার সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।






















