সংসদে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার প্রতিবেদন পেশ: ৪টি রহিত করার সুপারিশ
- প্রকাশ : ০৬:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৭৯ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে উপস্থাপিত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে সেগুলোর ওপর সুপারিশ সম্বলিত প্রতিবেদন পেশ করেছে গঠিত বিশেষ কমিটি। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনে কমিটির পক্ষ থেকে এই প্রতিবেদন ও সুপারিশসমূহ উপস্থাপন করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পর্যালোচনা করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি সরাসরি উত্থাপন করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন সাপেক্ষে উপস্থাপনের প্রস্তাব করেছে বিশেষ কমিটি।
অন্যদিকে, ১৬টি অধ্যাদেশের বিভিন্ন ধারা ও উপধারা অধিকতর যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় সেগুলোকে অপেক্ষমাণ রাখা হয়েছে। এ ছাড়া জনগুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় ৪টি অধ্যাদেশ পুরোপুরি রহিত করার সুপারিশ জানিয়েছে কমিটি।
সংসদীয় প্রক্রিয়ার অংশ হিসেবে এসব অধ্যাদেশ এখন পরবর্তী ধাপের জন্য বিবেচিত হবে। কমিটির এই সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ রূপরেখা নির্ধারিত হবে।






















