বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
- প্রকাশ : ০৫:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৭৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার কিছু বিষয় কৌশলগত কারণে বর্তমানে জনসমক্ষে প্রকাশ করা না হলেও, বাংলাদেশের জ্বালানি খাতের স্থিতিশীলতা রক্ষায় ওয়াশিংটন পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
দুই দেশের মধ্যে কোনো ধরনের গোপন চুক্তি রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব সম্পর্ক ও চুক্তি অত্যন্ত স্বচ্ছ এবং গোপন কোনো সমঝোতা হয়নি। এছাড়া জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর কোনো নির্দিষ্ট দেশের বা কোনো ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতা নেই বলেও তিনি নিশ্চিত করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং জ্বালানি খাতের আধুনিকায়ন প্রাধান্য পেয়েছে।
আলোচনায় রোহিঙ্গা সংকট ইস্যুটিও গুরুত্বের সাথে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের একক বৃহত্তম দাতা দেশ। এই সংকট মোকাবিলায় এবং রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে মার্কিন সরকারের চলমান সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।






















