রাজশাহীতে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: গত দুই মাসে প্রাণহানি ৪০
- প্রকাশ : ০৬:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৬০ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছয় থেকে সাত মাসের মধ্যে এবং তারা চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বাসিন্দা।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত গত একদিনে হামের উপসর্গ নিয়ে দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে নতুন করে আরও ১৪ জন ভর্তি হওয়ায় মোট চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪০ জনই শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছে।
অন্যদিকে, নগরীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুইজন এবং রোববার (৫ এপ্রিল) সকালে আরও এক শিশুর মৃত্যু হয়। এই হাসপাতালে মারা যাওয়া শিশুদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজও তাদের হাসপাতালে তিন শিশুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন।
রাজশাহীতে হামের উপসর্গে শিশুদের এই ধারাবাহিক মৃত্যুতে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো উপসর্গে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।






















