টি-টোয়েন্টিতে তিন হাজার ডট বলের মাইলফলকে মোস্তাফিজ
- প্রকাশ : ০২:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৭৩ বার পাঠিত

ক্রীড়া প্রতিবেদক:
বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় পঞ্চম পেসার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার ডট বল দেওয়ার বিরল রেকর্ড গড়লেন এই টাইগার পেসার। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এখন পর্যন্ত ৩২৪ ইনিংসে বোলিং করে মোস্তাফিজের ৩০০২টি বল থেকে কোনো রান নিতে পারেননি প্রতিপক্ষের ব্যাটাররা।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বল দেওয়ার তালিকায় বর্তমানে সবার ওপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৫৪৬ ইনিংসে তিনি ৩৬৮১টি ডট বল দিয়েছেন। এই তালিকায় মোস্তাফিজের ওপরে থাকা অন্য তিন পেসার হলেন মোহাম্মদ আমির (৩৩৪৮), আন্দ্রে রাসেল (৩২১৩) ও সোহেল তানভীর (৩০৪৬)। ডট বলের পাশাপাশি উইকেট শিকারের দৌড়েও মোস্তাফিজের সঙ্গে মোহাম্মদ আমিরের লড়াই এখন তুঙ্গে। বাঁহাতি পেসারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মোস্তাফিজের আর মাত্র ৩টি উইকেট প্রয়োজন। বর্তমানে ৪১৮ উইকেট নিয়ে আমির শীর্ষে থাকলেও ৪১৬ উইকেট নিয়ে তাকে তাড়া করছেন মোস্তাফিজ।
ব্রাভো ইতোমধ্যে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে রাসেল ও তানভীর আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন। তবে বয়সের হিসেবে মোস্তাফিজের সামনে ডট বল ও উইকেটের এই বিশ্বরেকর্ডগুলো নিজের করে নেওয়ার পর্যাপ্ত সময় ও সুযোগ রয়েছে।
পিএসএলে নিজের সর্বশেষ ম্যাচেও মোস্তাফিজ ছিলেন মিতব্যয়ী। লাহোর কালান্দার্সের বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ২ ওভারে ১৬ রান খরচ করে ৩টি ডট বল দিয়েছেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ওভার বোলিং করে ২১টি ডট বল আদায় করে নিয়েছেন এই বাঁহাতি পেসার। উইকেটের সংখ্যার চেয়েও ডট বল দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার এই বিশেষ দক্ষতা মোস্তাফিজকে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনো অন্যতম চাহিদাসম্পন্ন বোলার হিসেবে টিকিয়ে রেখেছে।



















