রোববার থেকে পুনরায় শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার
- প্রকাশ : ০২:২৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ২৬ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার থেকে পুনরায় শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার প্রেক্ষাপটে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার আদালতের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সম্প্রতি দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে তেল আবিবসহ বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল খুলে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আদালতের নিয়মিত কার্যক্রমও শুরু হচ্ছে।
ইসরায়েলি আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি অবস্থা না থাকায় আগামী রোববার থেকে বুধবারের মধ্যে দুর্নীতির মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে। নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ রয়েছে। ২০১৯ সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ২০২০ সালে বিচার শুরু হয়। ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যিনি এমন গুরুতর ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন।
নেতানিয়াহু শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এদিকে রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

















