অপরিশোধিত তেলের তীব্র সংকট: বন্ধ হয়ে গেল ইস্টার্ন রিফাইনারি
- প্রকাশ : ০২:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৮৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের মুখে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল)। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, মজুদ প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় গত মাস থেকেই শোধনাগারটির উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছিল। সাধারণত দৈনিক ৪ হাজার ৫০০ টন তেল পরিশোধন করা হলেও সংকটের কারণে তা ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। সর্বশেষ মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে থাকা ৫ হাজার টন এবং স্টোরেজ ট্যাংকের তলানিতে জমে থাকা তেল (ডেড স্টক) ব্যবহার করে কোনোমতে কার্যক্রম সচল রাখা হয়েছিল। গত ৪ মার্চের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবহারযোগ্য তেলের মজুদ ২ হাজার টনের নিচে নেমে আসে, যা দিয়ে বর্তমান চাহিদা মেটানো আর সম্ভব নয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে গত প্রায় দুই মাস ধরে দেশে অপরিশোধিত তেল আমদানি কার্যত বন্ধ রয়েছে। বিপিসির তথ্যমতে, প্রতি বছর দেশে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়, যার পুরোটাই ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। আমদানির পরবর্তী চালান আগামী মে মাসের প্রথম সপ্তাহের আগে দেশে পৌঁছানোর সম্ভাবনা নেই। ফলে পুনরায় উৎপাদনে ফিরতে শোধনাগার কর্তৃপক্ষকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে তেল শোধনাগার বন্ধ হয়ে গেলেও জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে জাতীয় সরবরাহ ব্যবস্থায় আপাতত কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তবে উদ্ভূত পরিস্থিতিতে ইআরএল ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।






















