ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর সরকার: এ পর্যন্ত তালিকাচ্যুত প্রায় সাড়ে ৬ হাজার
- প্রকাশ : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৫৯ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকা থেকে মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।
মন্ত্রী জানান, অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ভুয়া তথ্যের মাধ্যমে অমুক্তিযোদ্ধারা ভারতীয় তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিলেন। যাচাই-বাছাই শেষে এখন তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত মোট ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করার জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায়, কোনো অভিযোগ পাওয়া মাত্রই জামুকার উপকমিটি তদন্ত ও শুনানি পরিচালনা করে থাকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির সনদ ও যাবতীয় সুযোগ-সুবিধা বাতিলের সুপারিশ করা হয়। মন্ত্রী স্পষ্ট করেন যে, রংপুর-৪ আসনসহ দেশের যেকোনো প্রান্তের অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ পেলে একই প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালিকাকে স্বচ্ছ ও নির্ভুল রাখতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই যাচাই-বাছাই ও বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।






















