লোকসভায় নারী সংরক্ষণ বিল পাসে ব্যর্থ: বিরোধীদের তীব্র সমালোচনা মোদির
- প্রকাশ : ১০:৫১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ২০ বার পাঠিত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের লোকসভায় নারী আসন সংরক্ষণ সংক্রান্ত ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল-২০২৬’ প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় ব্যর্থ হয়েছে। সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ ভেস্তে যাওয়ার জন্য বিরোধী দলগুলোর কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিরোধীদের এই ভূমিকাকে সরকারের নারী সমতা নিশ্চিত করার সৎ প্রচেষ্টাকে ‘ভ্রূণহত্যা’ করার সঙ্গে তুলনা করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই বিলের মূল লক্ষ্য ছিল জনসংখ্যা নির্বিশেষে সংসদে ছোট-বড় সব রাজ্যের সমান প্রতিনিধিত্ব এবং ক্ষমতার ন্যায্য বণ্টন নিশ্চিত করা। তিনি অভিযোগ করেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তাদের মিত্র দলগুলো রাজনৈতিক সংকীর্ণতার কারণে এই ঐতিহাসিক সুযোগটি নষ্ট করেছে। এই বিল পাসে বাধা দেওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র মতো আঞ্চলিক দলগুলোকেও দায়ী করেন।
কংগ্রেসকে ‘সংস্কারবিরোধী’ দল হিসেবে আখ্যায়িত করে নরেন্দ্র মোদি আরও বলেন, কংগ্রেস এখন পরজীবীর মতো আঞ্চলিক দলগুলোর ওপর ভর করে টিকে আছে। দলটি সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়ে নারীদের পাশে থাকার এবং নতুন ইতিহাস গড়ার সুযোগ হারিয়েছে। তবে বিলটি পাসে ব্যর্থ হলেও সরকারের লড়াই থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট না থাকলেও আগামীতে নারীদের সরাসরি সমর্থন নিয়ে সরকার লক্ষ্য পূরণে এগিয়ে যাবে বলে সংকল্প প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার লোকসভায় নারী আসন সংরক্ষণ বিলটি পাসের জন্য ভোটাভুটি হয়। উপস্থিত ৫২৮ জন সদস্যের মধ্যে বিলের পক্ষে ২৯৮ জন এবং বিপক্ষে ২৩০ জন ভোট দেন। ভারতের সংবিধান অনুযায়ী কোনো সংশোধনী বিল পাসের জন্য দুই-তৃতীয়াংশ (প্রায় ৩৫২ ভোট) সমর্থনের প্রয়োজন হয়। কাঙ্ক্ষিত সেই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শেষ পর্যন্ত লোকসভায় বিলটি পাস করাতে ব্যর্থ হয় মোদি সরকার।



