প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া সফর: ই-বেইলবন্ড ও সিটি করপোরেশনসহ নানা প্রকল্পের উদ্বোধন
- প্রকাশ : ০১:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৬৭ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | বগুড়া
রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে নিজ জেলা বগুড়ায় ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।
বগুড়া জেলাকে আধুনিকায়নের লক্ষ্যে এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের ফলক উন্মোচন করেন।
সফরের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যান। সেখানে তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে ‘হামের টিকা ক্যাম্পেইন’ এবং ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এছাড়া স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করেন তিনি।
বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে তার রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই এই ব্যস্ত সফরসূচি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















