বিচার বিভাগে নতুন দিগন্ত: বগুড়ায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- প্রকাশ : ০১:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৬০ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক |বগুড়া
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং জামিন প্রক্রিয়াকে দ্রুততর ও স্বচ্ছ করতে বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত ভবন থেকে তিনি এই ডিজিটাল ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ই-বেইল বন্ড হলো একটি আধুনিক অনলাইন সিস্টেম, যার মাধ্যমে আদালত থেকে কোনো আসামির জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামাটি সরাসরি এবং দ্রুততম সময়ে ডিজিটাল পদ্ধতিতে কারাগারে পৌঁছে যাবে। এর ফলে প্রচলিত পদ্ধতির দীর্ঘসূত্রতা ও ভোগান্তি যেমন কমবে, তেমনি দুর্নীতি রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।
বগুড়া জেলা ছাড়াও এদিন যশোর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় একযোগে এই ই-বেইল বন্ড কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিচারপ্রার্থীদের সময় বাঁচানো এবং বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
ই-বেইল বন্ড উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। বেলা ১১টার দিকে তিনি পায়ে হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিচার বিভাগীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
আদালত সংশ্লিষ্টরা জানান, প্রচলিত কাগজের জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় সাধারণ মানুষকে নানাবিধ হয়রানির শিকার হতে হতো। নতুন এই ডিজিটাল সেবা চালুর মাধ্যমে সেই জটিলতা দূর হবে এবং বিচার বিভাগের আধুনিকায়ন আরও এক ধাপ এগিয়ে যাবে।






















