তদন্তের নামে প্রহসন: ৭ দিনেই দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত নির্বাহী প্রকৌশলী তবিবুর
- প্রকাশ : ০১:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ৫৬ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের আমলাতান্ত্রিক ইতিহাসে এক নজিরবিহীন ও বিস্ময়কর ঘটনা ঘটেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। দুর্নীতির প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া এক নির্বাহী প্রকৌশলীকে মাত্র সাত কর্মদিবসের ব্যবধানে ‘নির্দোষ’ ঘোষণা করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে অভিযুক্তকে পুনরায় দায়িত্ব দেওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও দুটি বড় প্রকল্পের পরিচালক মো. তবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। স্থানীয় সরকার বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ৯ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করেন সচিব মো. শহীদুল হাসান। সে সময় জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ ছিল যে, জনস্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে বরখাস্তের মাত্র দুই দিন পর ১২ এপ্রিল অভিযুক্ত প্রকৌশলী বিধি লঙ্ঘন করে সরাসরি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কাছে সাজা মওকুফের আবেদন করেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা সরাসরি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর কাছে এমন আবেদন করতে পারেন না, যা স্পষ্টত আচরণবিধির লঙ্ঘন। কিন্তু সেই আবেদনের ওপর ভিত্তি করেই অত্যন্ত দ্রুতগতিতে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গত ২২ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে আরেকটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, তবিবুর রহমানের বিরুদ্ধে আনা বিভাগীয় মামলায় অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাঁর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে আগের প্রকল্প দুটির পরিচালক হিসেবেই তাঁকে পুনর্বহাল করা হয়। এমনকি বরখাস্ত থাকাকালীন সময়কেও কর্মকাল হিসেবে গণ্য করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, মাত্র সাত কর্মদিবসের মধ্যে একটি বিভাগীয় মামলা দায়ের এবং তা তদন্ত করে নিষ্পত্তি করার ঘটনাটি রহস্যজনক। সাধারণত সরকারি দপ্তরে এ ধরনের প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগে। এছাড়া বিভাগীয় মামলা চলাকালীন প্রতিমন্ত্রীর কাছে সরাসরি হস্তক্ষেপের আর্জি জানানো এবং তার ভিত্তিতে দ্রুত অব্যাহতি দেওয়ার ঘটনাটি প্রশাসনিক স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
তবিবুর রহমান যে দুটি প্রকল্পের দায়িত্বে আছেন, সেগুলোতে এর আগে ব্যাপক অনিয়ম ও অর্থ লোপাটের তথ্য উঠে এসেছিল সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে। মাঠ পর্যায়ের তদন্তেও দেখা গেছে, প্রকল্পের আওতায় নির্মিত অধিকাংশ টয়লেট ব্যবহারের অনুপযোগী এবং নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি। এমনকি গত ২১ এপ্রিলও তাঁর প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
এতসব অভিযোগ এবং আইএমইডির নেতিবাচক প্রতিবেদনের পরও অদৃশ্য শক্তির ইশারায় তবিবুর রহমানের এই ‘পবিত্র’ হয়ে ফিরে আসাকে অধিদপ্তরের সাধারণ কর্মকর্তারা ‘বিশেষ কেরামতি’ হিসেবে দেখছেন। গতকাল দপ্তরে তাঁর পুনর্বহাল উপলক্ষে মিষ্টি বিতরণের ঘটনা ঘটলেও, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মধ্যে এটি চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।






















