পূর্বাচল এখন ঢাকার অংশ: ডিএনসিসি, ডিএমপি ও ওয়াসার আওতায় আনার নীতিগত অনুমোদন
- প্রকাশ : ০১:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১০৭ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে প্রশাসনিকভাবে শক্তিশালী করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এই পুরো এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা প্রকল্পের অংশগুলোকে আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি অনুমোদিত হয়।
এতদিন পূর্বাচল প্রকল্প এলাকাটি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই তিন জেলার অধীনে বিভক্ত ছিল। এর ফলে প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনায় নানা জটিলতা দেখা দিত। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অধীনে থাকা পূর্বাচলের অংশগুলো এখন থেকে ঢাকা জেলার সীমানাভুক্ত হবে। এর ফলে পুরো প্রকল্পটি একটি একক প্রশাসনিক কাঠামোর (ঢাকা জেলা) অধীনে চলে আসবে।
বৈঠক শেষে মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়, তিনটি আলাদা জেলায় বিভক্ত থাকায় পূর্বাচলে প্রয়োজনীয় নাগরিক সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছিল। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অভাব থাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের মতো জরুরি কাজগুলো ব্যাহত হচ্ছে। এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার ফলে রাস্তা ও ড্রেন নির্মাণ, সড়কবাতি রক্ষণাবেক্ষণসহ সব ধরনের আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তা জোরদার করতে পুরো এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে এই এলাকায় পুলিশের কার্যক্রম পর্যাপ্ত নয় বলে মন্ত্রিসভার পর্যবেক্ষণে উঠে আসে। এছাড়া সুষ্ঠু পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন নিশ্চিত করতে এলাকাটিকে ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করার বিষয়টিতেও অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের এই সমন্বিত উদ্যোগের ফলে পূর্বাচল নতুন শহর একটি আধুনিক ও সুশৃঙ্খল উপশহর হিসেবে গড়ে উঠবে এবং বাসিন্দারা রাজধানী ঢাকার সমপর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।






















