হরমুজ প্রণালিতে প্রথম দেশ হিসেবে টোল-ফ্রি সুবিধা পাচ্ছে রাশিয়া
- প্রকাশ : ০৯:১৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ২৭৯ বার পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহনে রাশিয়াকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এখন থেকে রুশ জাহাজগুলো কোনো টোল বা শুল্ক প্রদান ছাড়াই এই জলপথ ব্যবহার করতে পারবে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশিয়ার মতো আরও কিছু বন্ধুপ্রতীম দেশের জন্য হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান এবং এ সংক্রান্ত প্রক্রিয়া ইতিমধেই শুরু হয়েছে। তবে রাশিয়া ছাড়া তালিকায় আর কোন কোন দেশের নাম রয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর কিছুদিন পর জলপথটি পুনরায় খুলে দেওয়া হলেও চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ইরানের সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
তবে যুদ্ধের বাইরে থাকা অন্যান্য দেশের জাহাজ চলাচলের অনুমতি দিলেও সেক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এসব জাহাজকে চলাচলের আগে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের’ (আইআরজিসি) অনুমতি নিতে হয় এবং নির্ধারিত ফি বা টোল প্রদান করতে হয়।
রাষ্ট্রদূত কাজেম জালালির দেওয়া তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া হচ্ছে প্রথম কোনো দেশ, যারা হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে এই বিশেষ ‘টোল-ফ্রি’ সুবিধা পেতে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রাশিয়ার সাথে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই ইরান এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।















