কাটছে না তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত: কবে নাগান মিলবে মুক্তি।
- প্রকাশ : ০২:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১০১ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। প্রচণ্ড গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বড় সুখবর দিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কারিগরি ত্রুটি ও জ্বালানি সংকটে বন্ধ থাকা বড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র পুনরায় সচল হওয়ায় আগামী মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ জাতীয় গ্রিডে নতুন করে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই বাড়তি বিদ্যুৎ যুক্ত হলে দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট অনেকাংশেই নিরসন হবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আদানি পাওয়ার প্ল্যান্ট এবং বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের মতো বড় বিদ্যুৎকেন্দ্রগুলোতে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে উৎপাদন সক্ষমতার তুলনায় অর্ধেকে নেমে আসে। একই সাথে জ্বালানি সংকটের কারণে আরও কয়েকটি কেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। তবে দ্রুত মেরামতের কাজ চলায় এই অচলাবস্থা এখন কাটতে শুরু করেছে।
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগ একটি সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে কাজ করছে:
- ২৬ এপ্রিল: ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের কারিগরি জটিলতা নিরসন করে এই তারিখ থেকেই সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
- ২৮ এপ্রিল: বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট থেকে নতুন করে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
- মে মাসের প্রথম সপ্তাহ: আরএনপিএন-এর বন্ধ থাকা ইউনিটটি সচল করাসহ সব মিলিয়ে আগামী ২৮ তারিখ থেকে মে মাসের শুরুর মধ্যে প্রায় ১ হাজার ৩০০ থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, বড় কেন্দ্রগুলোর উৎপাদন পূর্ণমাত্রায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটিগুলো দ্রুত সারিয়ে তোলার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এর ফলে মে মাসের শুরুতেই গ্রাহক পর্যায়ে লোডশেডিংয়ের তীব্রতা উল্লেখযোগ্য হারে কমে আসবে।
টানা দাবদাহে কৃষি সেচ ও শিল্প উৎপাদন যখন হুমকির মুখে, তখন বিদ্যুৎ বিভাগের এই আশ্বাস জনমনে আশার আলো সঞ্চার করেছে। সরকারের উচ্চপর্যায়ের প্রত্যাশা, এক সপ্তাহের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য ফিরে আসবে এবং সাধারণ মানুষ অসহনীয় লোডশেডিং থেকে রেহাই পাবে।






















