সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা: দেশজুড়ে পুলিশের বিশেষ সর্তকতা
- প্রকাশ : ০৩:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ৫৮ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একটি নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগসাজশ পাওয়ার পর এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব কটি ইউনিটকে এ সংক্রান্ত একটি গোপনীয় নির্দেশনা পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বক্করের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হামলার পরিকল্পনার কথা জানা যায়। তাঁর কল রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। তাঁদের এই তৎপরতাকে দেশের সার্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের চিঠিতে জানানো হয়েছে, উগ্রবাদী চক্রের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো জনবহুল স্থান। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারগুলোও তাঁদের লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার ক্ষেত্রে তারা বোমা বিস্ফোরণ কিংবা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে প্রতিটি ইউনিটকে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবেই এই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
সারাদেশে নিরাপত্তা জোরদার করা হলেও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপির সিটিটিসি ইউনিটের কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির ভিত্তিতে রাজধানীসহ সারাদেশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতা রুখতে সজাগ অবস্থানে রয়েছে।


















