বন্ধ কলকারখানা চালুর উদ্যেগ: সংশ্লিষ্টদের সাথে প্রধানমন্ত্রী তারেখ রহমানের উচ্চপর্যায়ের বৈঠক
- প্রকাশ : ১২:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২২০ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে থাকা বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের দীর্ঘদিনের স্থবির হয়ে থাকা বস্ত্র ও পাটকলগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরায় উৎপাদনমুখী করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং তা বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। দেশের ঐতিহ্যবাহী পাট ও বস্ত্র খাতকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে বিনিয়োগ বাড়ানো এবং বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
এছাড়া দেশের বিনিয়োগ পরিস্থিতি এবং শিল্পায়নের সার্বিক দিক নিয়ে আলোচনার জন্য বৈঠকে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বন্ধ কারখানাগুলোকে আধুনিকায়ন করে সেগুলোকে পুনরায় সচল করার বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। রাষ্ট্রায়ত্ত খাতের পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে কীভাবে এই শিল্পকে লাভজনক করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাট ও বস্ত্র খাত পুনরায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

















