জুলাই অভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ও সংশোধনের আশ্বাস
- প্রকাশ : ০৫:২৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১১ বার পাঠিত

জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপন না করায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে তথ্যচিত্রটি সংশোধন করে পুনরায় জনসম্মুখে উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস ও অবদান বাদ পড়ার কারণে উপস্থিত অতিথিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হট্টগোল বেঁধে যায়।
পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠান চলাকালেই তাৎক্ষণিকভাবে উপস্থিত অতিথিদের উদ্দেশে আন্তরিক দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তথ্যচিত্রের যেকোনো ত্রুটি বা অসম্পূর্ণতা দ্রুত সংশোধনেরও আশ্বাস দেন তিনি। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের যথার্থতা ও পূর্ণাঙ্গতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি যথাযথভাবে সংশোধন করে শিগগিরই পুনরায় জনসম্মুখে প্রকাশ করা হবে।










