শহীদ, আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
- প্রকাশ : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৪ বার পাঠিত

গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নিয়োগপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা, খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা, জুলাই গণ-অভ্যুত্থানে আহত দৃষ্টিশক্তিহীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমনের পরিচালনায় অনুষ্ঠানে গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় নিয়োগপ্রাপ্তদের কয়েকজন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গুম ও খুনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















