মণিরামপুরে দুই টি দোকানে চুরি, সাড়ে তিন লাখ টাকার মালামাল উধাও
- প্রকাশ : ০৪:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৫ বার পাঠিত

আবু রায়হান, মণিরামপুর(যশোর)
যশোরের মণিরামপুর বাজারের রাজগঞ্জ মোড় এলাকায় ভোরবেলায় দুটি ঘড়ির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা শাটার ও কাঁচ ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো ‘জামান ওয়াচ’ ও ‘শশী ওয়াচ’। দোকান মালিকদের দাবি, চুরির ঘটনায় প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল খোয়া গেছে।
দোকান মালিকদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা পাশের একটি দ্বিতল ভবনের বারান্দার রেলিং টপকে ভেতরে প্রবেশ করে। এরপর দ্বিতীয় তলার সিঁড়ির আগের অংশের নেট কেটে নিচতলায় নামে। পরে দুটি দোকানের দুটি শাটার ও একটি স্লাইডিং গ্লাস ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করে।
জামান ওয়াচের স্বত্বাধিকারী হাদিউজ্জামান বলেন, আমার দোকান থেকে দামি ঘড়ি ও অন্যান্য জিনিসপত্রসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে। যেভাবে ভবনের ওপর দিয়ে ঢুকেছে, তাতে এটি পরিকল্পিত চুরি বলে মনে হচ্ছে।
শশী ওয়াচের স্বত্বাধিকারী কালীদাস জানান, তাঁর দোকান থেকে প্রায় তিন লাখ টাকার ঘড়ি ও অন্যান্য পণ্য এবং নগদ ১ হাজার ৪৯৩ টাকা চুরি হয়েছে।
দোকান মালিকরা জানান, সকাল আটটার দিকে পাশের এক দোকানদারের ফোনে তাঁরা বিষয়টি জানতে পারেন। পরে এসে শাটার ভাঙা ও ভেতরে তছনছ অবস্থা দেখতে পান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুই দোকানেই সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে ঘটনার সময় সেগুলো বন্ধ ছিল বলে জানিয়েছেন মালিকরা। কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, তাঁদের সন্দেহের তালিকায় কর্মচারীরা নেই।
মণিরামপুর বাজার কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা রাতের নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

















