সংসদে ১০ বিল পাস: স্থায়ী রূপ পেল অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ
- প্রকাশ : ০২:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ৫৭ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের ১৩তম কার্যদিবসে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় সংসদ অধিবেশন বসে। সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়।
উল্লেখ্য যে, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি ইতিপূর্বে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রাখা এবং ১৫টি সংশোধনের সুপারিশ করেছিল। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল হিসেবে আনার প্রস্তাব দেওয়া হয়। শুক্রবার পাস হওয়া বিলগুলো বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী কোনো পরিবর্তন ছাড়াই উত্থাপন করা হয়েছিল। সকালে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় দীর্ঘ আলোচনা ছাড়াই সেগুলো কণ্ঠভোটে পাস হয়।
অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পাস হওয়া বিলগুলো হলো:
উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত: আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের পাঁচটি পৃথক বিল উত্থাপন করেন। এগুলো হলো—
১. নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬
২. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬
৩. ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬
৪. কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬
৫. রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬
আর্থিক ও রাজস্ব সংক্রান্ত: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনটি বিল পাসের প্রস্তাব দেন—
৬. আমানত সুরক্ষা বিল-২০২৬
৭. এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল-২০২৬
৮. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০২৬
সংস্কৃতি ও পরিবেশ সংক্রান্ত: ৯. সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উত্থাপিত ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল-২০২৬’।
১০. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উত্থাপিত ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল-২০২৬’।
সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী এই বিলগুলো পাস হওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন আইনি কাঠামো আরও শক্তিশালী ও স্থায়ী রূপ পেল। এ দিনের অধিবেশন শেষে স্পিকার পরবর্তী কার্যক্রমের জন্য সংসদ মুলতবি ঘোষণা করেন।























