ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- প্রকাশ : ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৬ বার পাঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকায় একটি পুরনো বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটা এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে ওই সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ নিশ্চিত করা যায়নি।





















