আন্তর্জাতিক গুম দিবসে সংসদ অভিমুখে গুম প্রতিরোধ কমিটির পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- প্রকাশ : ০১:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৭ বার পাঠিত

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গত রবিবার (৩০ আগস্ট) রাজধানীর বাংলামটর থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা ও সমাবেশ করেছে গুম প্রতিরোধ কমিটি। হাসিনার দেড় যুগের শাসন আমলে সংঘটিত সকল গুমের বিচার দাবির পাশাপাশি গুম কমিশন অধ্যাদেশ পুনরায় বহাল করার জোরালো দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে।
দুপুরে বাংলামটর থেকে শুরু হওয়া পদযাত্রাটি কাওরান বাজার ও ফার্মগেট প্রদক্ষিণ করে জাতীয় সংসদের সামনে এসে পৌঁছায়। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের রাজনৈতিক দলগুলোর নৈতিক সমর্থনে এই কর্মসূচি পালিত হয়। পদযাত্রাটি সংসদের সামনে পৌঁছানোর পর সংসদ অধিবেশনরত কয়েকজন সংসদ সদস্য সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন।
সমাবেশ শেষে গুম প্রতিরোধ কমিটির একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের বিভিন্ন দিকের সমালোচনা করেন এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাস হওয়া গুম কমিশন অধ্যাদেশটি পুনরায় বহাল করার ওপর বিশেষ জোর দেন।





















