সর্বশেষ :
নতুন উপজেলা অন্তর্ভুক্ত করে ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ : ০২:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৬ বার পাঠিত

প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে দেশের নবগঠিত উপজেলা ও ইউনিয়নগুলোকে অন্তর্ভুক্ত করে ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার এসংক্রান্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের কারণে কাগজে-কলমে সীমানায় এই পরিবর্তন এলেও বাস্তবে স্থানীয় ভোটার বা ভৌগোলিক এলাকায় বড় কোনো প্রভাব পড়বে না।
নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী যে ১১টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, সেগুলোর বিবরণ নিচে তুলে ধরা হলো:
- ঠাকুরগাঁও-১: সদর উপজেলার পাশাপাশি প্রশাসনিকভাবে নতুন গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা এই আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটি অনুমোদিত হয়েছিল।
- বগুড়া-২: শিবগঞ্জ উপজেলার সঙ্গে নতুন গঠিত মোকামতলা উপজেলাকে এই আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গত মে মাসে নিকার বৈঠকে অনুমোদন পায়।
- পিরোজপুর-১: এই আসনটিতে পিরোজপুর সদর, নাজিরপুর এবং জিয়ানগর উপজেলা রাখা হয়েছে।
- ময়মনসিংহ-১০: গফরগাঁও উপজেলার সঙ্গে নিকারের গত জুলাই মাসের বৈঠকে অনুমোদিত নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলাকে যুক্ত করা হয়েছে।
- ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠন করা হয়। এই বরিশল ইউনিয়নটি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সঙ্গে এবং বাকি অংশ ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানায় রাখা হয়েছে।
- কুমিল্লা-৩: মুরাদনগর উপজেলার সঙ্গে গত জুলাই মাসের নিকার বৈঠকে অনুমোদিত বাঙ্গরা উপজেলাকে এই আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে।
- লক্ষ্মীপুর-২ ও ৩: প্রশাসনিক পুনর্বিন্যাসের আওতায় এই আসন দুটির সীমানাও হালনাগাদ করা হয়েছে।
- চট্টগ্রাম-২: ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা এই আসনের সীমানায় যুক্ত হয়েছে।
- কক্সবাজার-১: নবগঠিত মাতারমুহুরি উপজেলাকে এই সংসদীয় আসনের সীমানার অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংসদীয় সীমানার সামঞ্জস্য বিধান এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত করার জন্যই নির্বাচন কমিশন এই হালনাগাদ গেজেট প্রকাশ করেছে।
ট্যাগ :





















